Sylhet Today 24 PRINT

জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে: ড. কামাল

সিলেটটুডে ডেস্ক |  ২২ আগস্ট, ২০২০

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে অন্য দিকে করোনাকে নিয়ে সরকার প্রশ্রয় দুর্নীতি করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না। এবার বন্যায় ও নদী ভাঙ্গনে কৃষকদের ফসল মারা গেছে, মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কোন সরকারই বন্যা, নদী ভাঙ্গনের ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না।

শনিবার (২২ আগস্ট) এড. মুহসিন রশীদ এর চেম্বারে অনুষ্ঠিত কেন্দ্রীয় নেত্রীবৃন্দের সভায় অনলাইনে বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি করোনা ও নদী ভাঙ্গনে আক্রান্ত অসহায় মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মেজর সিনহার হত্যাকাণ্ড নিয়ে ড. কামাল বলেন, মেজর সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করনকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে।

জনগণের অধিকার রক্ষায় তিনি আরও বলেন, দেশের সকল সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। এই লক্ষ্যে গণফোরামের আহবায়ক কমিটিসহ সকল জেলা-উপজেলা নেত্রীবৃন্দকে উদ্যোগ নিতে হবে। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

এমপি মোকাব্বির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্ল্যা, মুহসিন রশীদ, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাঈল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামান, কায়সার, শফিউর রহমান বাচ্চু, লিঙ্কন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.