Sylhet Today 24 PRINT

অনগ্রসর জেলা থেকে অধিক কর্মী বিদেশে প্রেরণের চেষ্টা চলছে : ইমরান

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২০

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, জাপানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিক্যাল ইন্টার্নরা বাংলাদেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি বলেন, দেশে বিদেশে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি নির্ভর শিল্প প্রতিষ্ঠানে তাদের চাকুরির সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, জাপানিজ ভাষায় অধিকতর দক্ষতা অর্জন করায় তারা জাপানিজ ভাষার প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে যুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার। এছাড়াও শিক্ষানবিশ কালে জাপানে উপার্জিত অর্থ দিয়ে তারা বাংলাদেশে প্রশিক্ষণ সংশ্লিষ্ট সেক্টরে উদ্যোক্তা হিসেবে ব্যবসা করতে পারে।

রোববার সকাল সাড়ে দশটায় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে IM Japan প্রোগ্রামের আওতায় জাপানে প্রশিক্ষণ প্রাপ্ত ৮ জন টেকনিক্যাল ইন্টার্ন এর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এসব কথা বলেন।

এতে মন্ত্রী ইমরান আহমদ আরও বলেন, সরকার অনগ্রসর জেলাগুলো থেকে অধিক সংখ্যক কর্মী বিদেশে প্রেরণের উপর গুরুত্ব আরোপ করেছে। এছাড়াও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত লক্ষ্য পূরণে মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, করোনাত্তর পরিস্থিতিতে শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার প্রেক্ষিতে কর্মী প্রেরণের লক্ষ্যে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিদেশ প্রত্যাগত অভিজ্ঞ কর্মীদের দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শামসুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান বাংলাদেশের প্রশিক্ষিত কর্মীদের আন্তর্জাতিক স্বীকৃতি তথা মিউচুয়াল রিকগনিশন এর উপর গুরুত্বারোপ করেন। তিনি বিদেশ প্রত্যাগত দক্ষ কর্মীদের বাংলাদেশে কর্মসংস্থানের জন্য গ্রহণ করবেন বলে জানান।

অনুষ্ঠানে সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমরা সব সময় সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক অভিবাসনের স্বপ্ন দেখি। IM Japan Programme এর আওতায় যারা জাপানে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন তারা আমাদের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, দেশের ৩১ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।যারা জাপানিজ ভাষায় অধিকতর দক্ষতা অর্জন করেছেন, তারা জাপানে গমনে অগ্রাধিকার পাচ্ছেন।

আই এম জাপান প্রোগামের আওতায় ৬ লক্ষ টাকার চেক প্রাপ্ত ৮ জন ইন্টার্নরা হলেন- মাহিন হাওলাদার, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ নবির হোসেন, মোঃ তাহির তৈয়ব, ফিরোজ মাহমুদ লিটন, মোঃ মিজানুর রহমান, মোঃ রুহুল আমিন ও মোঃ নাজমুল হুদা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.