Sylhet Today 24 PRINT

হঠাৎ কেন শ্রিংলার সফর, প্রশ্ন সংসদীয় কমিটির

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২০

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে বিশেষ বৈঠক করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার (২৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কমিটি সূত্রে জানা গেছে। আবার কোন শিডিউল ছাড়া হঠাৎ করে কেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে এলেন তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী তথা মন্ত্রণালয়কে প্রশ্ন করেছে স্থায়ী কমিটির সদস্যরা।

রোববার (২৩ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খানের সভাপতিত্বে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) বৈঠকে অংশ নেন।
 
বৈঠকের আলোচনার বিষয়ে ফারুক খান বলেন, বৈঠকে বাংলাদেশ ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বর্তমান সম্পর্কের চ্যালেঞ্জ এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচ্যসূচি ছিল। তা আলোচনা হয়নি। বিষয়টি বিস্তারিতভাবে আলোচনার জন্য আমরা পরবর্তী বৈঠকের দিন ঠিক করেছি। ওই দিন রুদ্ধদ্বার বৈঠক হবে। আমরা দু দেশের সম্পর্ক উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আলাদা বৈঠক করবো।

কমিটি সূত্রে জানা গেছে, কমিটির একাধিক সদস্য হঠাৎ করে শ্রিংলার সফর কেন তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। এবিষয়ে ফারুক খান বলেন, আমরা জিজ্ঞেস করেছি উনি আনঅফিসিয়াল ভিজিটে আসলেন কেন? তার উত্তরে মন্ত্রী জানান, কূটনৈতিক সফর আনঅফিসিয়াল হয়, এরকম সফর হয়। আগের শিডিউল করা ভিজিট না। এর প্রধান উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেয়া।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দুই দিনের আকস্মিক সফরে গত ১৮ অগাস্ট বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রীংলা। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার বৈঠক হয়। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে সরকার তরফে কিছু জানানো হয়নি। শ্রিংলার এই সফরে করোনা ভাইরাসের টিকা ভারতে উৎপাদিত হলে তা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশ্বস্ত করেছে ভারত।

বৈঠকে সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের পরবর্তী সময়ে বাংলাদেশিদের অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ওই বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। প্রায় ৮০ জন বাংলাদেশি আহত হয়েছেন। শান্তিরক্ষা কাজে নিয়োজিত ২১ জন নৌ-বাহিনীর সদস্য আহত হয়েছেন।

ফারুক খান বলেন, ওই দেশে প্রায় ৩ হাজার বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। তাদের ফেরত আনার জন্য কমিটি ব্যবস্থা নিতে বলেছে। পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন এই অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ সম্পর্কে বিদেশে অপপ্রচার বন্ধে রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধিসহ দূতাবাসের মাধ্যমে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজনের সুপারিশ করেছে কমিটি। বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে জার্মান বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়।

কমিটি সূত্র জানায়, বৈঠকে উজবেকিস্থানের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোতে ফার্মাসিউটিক্যালস সামগ্রী রপ্তানি এবং তুলার পরিবর্তে সুতা আমদানির প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সুপারিশ করা হয়। বাংলাদেশি মিশনসমূহে নতুন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদ্বয়ের কর্মপরিকল্পনা ও করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.