Sylhet Today 24 PRINT

পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত শিগগিরই

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২০

এইচএসসি, অষ্টম ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন গণভবন থেকে। আর সচিবালয় থেকে অংশ নেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এইচএসসি ও অন্যান্য পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা শিগগিরই সিদ্ধান্ত নেবেন। তবে স্কুল, কলেজ এখনও খোলার মতো সময় এসেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে ওনারা খুব জোরালোভাবে চিন্তা-ভাবনা করছেন।

বিজ্ঞাপন

স্কুলে স্কুলে প্রাথমিক সমাপনী নেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সার-সংক্ষেপ পাঠানো হয়েছে, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে এখনও কিছু জানেন না।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার।

এছাড়া গত এপ্রিলে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। আর আগামী নভেম্বরে অষ্টম ও পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা হওয়ার কথা। করোনার কারণে এখনও অনিশ্চিত এসব পরীক্ষা। অষ্টম ও পঞ্চমের আসন্ন সমাপনী পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা করছে সরকার।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে পাঠদানের কার্যক্রম নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.