Sylhet Today 24 PRINT

করোনায় আকিজ গ্রুপের পরিচালকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২০

দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের মেজ ছেলে শিল্পপতি শেখ মমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি চামড়া শিল্প প্রতিষ্ঠান এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও আকিজ গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এসএএফের জেনারেল ম্যানেজার আবুল ইসলাম জানান, শেখ মমিন উদ্দিন গত ১২ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আদ্ব-দীন হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টায় এসএএফের কারখানায় প্রথম নামাজে জানাজা এবং বেলা ১২টার দিকে গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পিতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, শেখ মমিন উদ্দিন রাজঘাট জাফরপুর হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। খুলনা বিএল কলেজ থেকে বিএসসি পাস করে ইংল্যান্ডে যান। সেখানকার নর্থ হ্যামটন বিশ্ববিদ্যালয় থেকে লেদার টেকনোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

আশির দশকে মমিন উদ্দিন অভয়নগর উপজেলার তালতলার পরিত্যক্ত এসএএফ চামড়া কারখানার দায়িত্ব নেন। এরপর তিনি রুগ্ন কারখানাটিকে আধুনিকীকরণ করে দেশ সেরা চামড়া কারখানায় পরিণত করেন।

২০০৯, ২০১০, ২০১১ সালে চামড়া ও চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য তিনি জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.