Sylhet Today 24 PRINT

গণপরিবহনের ভাড়া পুনঃমূল্যায়নের ইঙ্গিত কাদেরের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০২০

গণপরিবহনের ভাড়া পুনঃমূল্যায়নের ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কুমিল্লা জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক। দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে।

মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী এবং সচিবের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.