Sylhet Today 24 PRINT

নারীর সামনে বিবস্ত্র হয়ে ‘যৌন হয়রানি’, কিশোর আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০২০

ছবি : ফেসবুক

এক নারীর সামনে অশালীন আচরণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর চট্টগ্রামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে তাকে নগরীর আগ্রাবাদ থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

আটক কিশোর (১৬) নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেইনে একটি গলির বাসিন্দা।

বিজ্ঞাপন

উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, ‘ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। আমরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি। সেজন্য ছবির ওই কিশোরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে আসলে ঘটনা কী ঘটেছিল, সেটা জানতে চাইব। এরপর যদি সত্যিই কোনো অভিযোগ পাই, তাহলে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি ভবনের নিচে এক নারী দাঁড়িয়ে আছেন। দূরে বিবস্ত্র অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গিরত এক কিশোর। তার পেছনে দুই নারীকেও দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট বলছে, ওই দু’জন কিশোরটির মা ও বড় ভাইয়ের স্ত্রী।

অভিযোগ আসে, ছবিতে ভবনের নিচে দাঁড়িয়ে থাকা নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। শুরু হয় আলোড়ন। তবে পুলিশ জানিয়েছে, তাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তারাও ফেসবুকেই বিষয়টি দেখেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.