Sylhet Today 24 PRINT

আরও এক মাস বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২০

করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও একমাস বাড়ানো হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈশ্বিক মহামারি করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ কথা জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার এই তারিখ নির্ধারণ করেছে বলে জানানো হয়।

এর আগে এক ঘোষণায় ৩১ আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন



দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গেলো ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় ‘লকডাউন’।

টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সে সময় জানানো হয়। এখন আগস্ট মাসের শেষে এসে সেই ছুটি আরও বাড়ানো হল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.