Sylhet Today 24 PRINT

ওসি প্রদীপসহ ১২ জনের বিরুদ্ধে আরেকটি হত্যার অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২০

কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ১২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে আদালতে আরও একটি ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি নম্বর আদালত-৩ এর (টেকনাফ) বিচারক মোহা. হেলাল উদ্দিনের আদালতে মামলাটি ফাইল করা হয়।
 
বিচারক মামলাটি আমলে নিয়ে ঘটনার বিষয়ে আগে টেকনাফ থানায় কোনো মামলা হয়েছে কিনা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে আদেশ দিয়েছেন।

টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ার মৃত আবদুল জলিল প্রকাশ পুতুইক্যার স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার ২৭ আগস্ট এ ফৌজদারি দরখাস্তটি দায়ের করেন।

বিজ্ঞাপন

ফৌজদারি দরখাস্তে দাবি করা হয়, আবদুল জলিল প্রকাশ পুতুইক্যাকে ২০১৯ সালের ৩ ডিসেম্বর আসামিরা পরস্পর যোগসাজশে ধরে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় চলতি বছরের ৭ জুলাই ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা হয়েছে।

এ মামলায় টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, হোয়াইক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান, এএসআই আরিফুর রহমান, এসআই সুজিত চন্দ্র দে, জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানস বড়ুয়া, এসআই অরুণ কুমার চাকমা, এসআই নাজিম উদ্দিন, এসআই মো. নাজিম উদ্দিন ভূঁইয়া, এএসআই রাম চন্দ্র দাশ, কনস্টেবল সাগর দেব, কনস্টেবল রুবেলে শর্মা, হোয়াক্ষ্যং ইউনিয়ন পরিষদের দফাদার, কাঞ্জর পাড়ার মৌলভী সিরাজুল ইসলামের ছেলে মো. আমিনুল হকসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

ফৌজদারি দরখাস্তে সাক্ষী করা হয়েছে ১০ জনকে।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবদুল বারী, অ্যাডভোকেট মাহমুদুল হক প্রমুখ আদালতে ফৌজদারি দরখাস্তটির গ্রহণযোগ্যতা শুনানি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.