Sylhet Today 24 PRINT

কে ইলিয়াস আলীকে গুম করেছে তা আপনি জানেন: কাদরেকে রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০২০

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ দলের অন্যান্য নেতাকর্মীকে কে বা কারা গুম করেছে তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানেন বলে দাবি করেছেন দলটির (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

ছাত্রদলের সাবেক সভানেত্রী দিলরুবা শওকতের রুহের মাগফিরাত কামনায় মাহফিলের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।

রিজভীর দাবি, ইলিয়াস আলীর মতো একজন এমপিকে গুম করে দেয়া হলো। কে করেছে সেটি তো আপনি; ওবায়দুল কাদের তো তা জানেন। আপনি জানেন রাজশাহীর হিরুকে কে গুম করেছে।

বিজ্ঞাপন



ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, সেদিন কেন আপনার আইনশৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীদের বলেননি, সবাই সাবধান থাকবেন। কখন কী ঘটে যায়। এত অন্যায়, এত টাকা প্রচার। তাদের (আওয়ামী লীগের) তো ভয় থাকার কথা। হয়তো তিনি (ওবায়দুল কাদের) মুখ ফসকে বলেছেন।

রিজভী বলেন, আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের দলের লোকদের বলেছেন– সাবধান বেশি বাড়াবাড়ি কইরেন না। কখন কী হয়ে যায় বলা যায় না। এখন এই কথা বলে লাভ কী? গত ১২ বছর পাচার হয়ে গেলও বরকতের টাকা, ফরিদপুরের ছাত্রলীগের সভাপতির টাকা। আর কত শাহেদ, শামীম ও সম্রাট! আপনারা ২০০৯ সালে যখন ক্ষমতায় এসেছিলেন, তখন এসব কথা বললেই নেতাকর্মীরা অনেকটা সতর্ক থাকত।

তিনি বলেন, আওয়ামী লীগের টাঙ্গাইলের এক এমপি বলেছেন– 'তোমরা নিজেরা নিজেরা গণ্ডগোল করো, বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করতে পারো না?' রাজশাহীর আরেক এমপি বলেছেন– 'ছাত্রলীগ তোমরা নিজেরা নিজেরা মারামারি করো, ছাত্রদল-বিএনপি কর্মীদের সঙ্গে পারো না?' আপনাদের সেই উসকানিতে ছাত্রলীগ বিশ্বজিতের মতো এক কিশোর শ্রমিককে হত্যা করেছে।

সংগঠনের সভাপতি বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.