সিলেটটুডে ডেস্ক | ২৮ আগস্ট, ২০২০
একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার রাতে নিউ ইস্কাটনের নিজ বাসায় তিনি মারা যান।
রাহাত খানের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। তিনি বলেন, বার্ধর্ক্যের কারণে রাহাত খান বিভিন্ন রোগে ভুগছিলেন, তার হৃদরোগও ছিল। রাতে ইস্কাটনের বাসায় তিনি মারা যান। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। আগামীকাল শনিবার সকাল ১০টা বা সাড়ে ১০টার দিকে তার মরদেহ কিছু সময়ের জন্য জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নেওয়া হতে পারে।
গত ২০ জুলাই রাহাত খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তার পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। একই সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। অস্ত্রোপচারের মতো শারীরিক অবস্থা না থাকায় তাকে বাসাতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।
রাহাত খান বাংলাদেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। দৈনিক ইত্তেফাক পত্রিকায় তিনি ষাটের দশক থেকে কর্মরত ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালে একুশে পদকে ভূষিত হন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান ১৯৭৩ সালে।
তার উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনিশ্চিত লোকালয়, অমল ধবল চাকরি, ছায়া দম্পতি, শহর, হে শূন্যতা, হে অনন্তের পাখি, মধ্য মাঠের খেলোয়াড়, এক প্রিয়দর্শিনী, মন্ত্রিসভার পতন, দুই নারী, কোলাহল ইত্যাদি।
রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।