সিলেটটুডে ডেস্ক | ২৯ আগস্ট, ২০২০
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘অধিকার আদায়ের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতি, দলীয়করণ, ক্রসফায়ারের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে। বাঙ্গালী জাতি অতীতে সব সংকটের বিরুদ্ধে জয় লাভ করেছে। বর্তমানে আমরা পারব, আমরা করব, জনগণ জয়ী হবেই।’
শনিবার (২৯ আগস্ট) গণফোরামের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় কথাগুলো বলেন ড. কামাল। তিনি আলোচনার শেষ পর্যায়ে টেলিফোনের মাধ্যমে এই বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন গণফোরাম কেন্দ্রীয় কমিটি সদস্য মোকাব্বির খান এম.পি.।
সভায় আরও বক্তব্য দেন গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিকউল্লা, এড. মুহসিন রশীদ, মোশতাক আহমেদ, আব্দুর রহমান জাহাঙ্গীর, সুরাইয়া বেগম, হারুনর রশীদ তালুকদার, শাহ নুরুজ্জামান, শফিউর রহমান খান বাচ্চু, শরীফুল ইসলাম সজল, তৌফিকুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমুখ।
সভাপতির ভাষণে এমপি মোকাব্বির খান বলেন, ২৭ বছর ধরে গণফোরাম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। সন্ত্রাস, কালোটাকা, দুর্নীতিসহ মানুষের সমস্যা নিয়ে কাজ করে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণফোরাম সংগ্রাম চালিয়ে যাবে।
ড. রেজা কিবরিয়া বলেন, গণফোরাম জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে ক্ষমতায় যাবে। মানুষের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য গণফোরাম আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এটাই ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার।
অ্যাডভোকেট মুহসিন রশীদ বলেন, গণফোরাম ক্ষমতায় গেলে সংবিধান, বিচার ব্যবস্থা, কর এবং অন্যান্য বিষয়ে ব্যাপক সংস্কার করবে জনগণের সুবিধার্থে। সভার শুরুতে কেক কাটার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।