Sylhet Today 24 PRINT

দেশে পৌঁছেছে সি আর দত্তের মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২০

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর) বীর উত্তমের মরদেহ ঢাকায় আনা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসে পৌঁছায় তার মরদেহ।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত জানান, আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার শেষকৃত্য হবে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ জানান, সি আর দত্তের মরদেহ কিছুক্ষণ আগে সিএমএইচ-এর হিমঘরে রাখা হয়েছে।

তিনি জানান, বিমানবন্দর থেকে সি আর দত্তের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হবে। সেখান থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তার বনানীর ডিওএইচএস’র ২নম্বর সড়কের ৪৯ নম্বর বাড়ির বাসভবন হয়ে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দির চত্বরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। আনুমানিক দুই ঘণ্টা পর সেখান থেকে বেলা ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ বরদেশ্বরী শ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠানের আগে জেনারেল দত্তের মরদেহের প্রতি সামরিক সম্মাননা জ্ঞাপনের জন্য গানস্যালুট প্রদান করা হবে।

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত ২৫ আগস্ট  ৯৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে জন্ম নেওয়া সি আর দত্তের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। মুক্তিযুদ্ধের সময় তিনি ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীরউত্তম খেতাবে ভূষিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.