Sylhet Today 24 PRINT

প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, বুধবার বাংলাদেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

তিন সপ্তাহ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের।

বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রণব। অস্ত্রোপচার করতে গিয়ে তার শরীরে করোণাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এক পর্যায়ে তিনি চলে যান গভীর কোমায়। সেখান থেকে আর ফিরতে পারেননি।

পাঁচ দশকেরও বেশি সময় রাজনীতিতে সক্রিয় থেকে প্রথম বাঙালি হিসেবে ভারতের রাষ্ট্রপতির পদে আসীন প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নানা ক্ষেত্রে বন্ধু হয়ে পাশে ছিলেন। ২০১৩ সালে তাকে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ দেওয়া হয়।

বিয়ের সূত্রেও বাংলাদেশের সঙ্গে বন্ধনে জড়িয়ে ছিলেন প্রণব মুখোপাধ্যায়, তার স্ত্রী শুভ্রা ঘোষ ছিলেন বাংলাদেশের নড়াইলের সন্তান। ২০১৩ সালে বাংলাদেশে এসে নড়াইলের ভদ্রবিলায় শ্বশুরালয়েও ঘুরে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.