Sylhet Today 24 PRINT

ইসির মামলায় ডা. সাবরিনাকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০২০

প্রথম জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অপরাধে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত করা চিকিৎসক ডা. সাবরিনা শারমিন ওরফে সাবরিনা আরিফ চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম।  

আদালত ডা. সাবরিনার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোপূর্বক পাঁচ দিনের রিমান্ড শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

এদিকে, গতকাল সোমবার মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে সাবরিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

গত রোববার বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। মামলায় ডা. সাবরিনাকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বর্তমান সাবরিনার দুটি এনআইডি কার্ড সক্রিয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য চেয়েছে। সাবরিনা ২০১৬ সালের ভোটার তালিকা হালনাগাদের সময় দ্বিতীয়বার ভোটার হন। তিনি প্রথমে ভোটার হন সাবরিনা শারমিন হোসেন নামে। একটিতে জন্ম তারিখ দেয়া ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। প্রথমটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর এইচ হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী।

উল্লেখ, করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় ডা. সাবরিনাসহ ৮ জনের বিচার শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.