সিলেটটুডে ডেস্ক | ০৪ সেপ্টেম্বর, ২০২০
গেলো আগস্ট মাসে দুর্ঘটনার মধ্যে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১২১ মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৯ জন আরোহী নিহত হয়েছেন। যা মোট নিহতের ৪০ দশমিক ৬ শতাংশ। গত আগস্ট মাসে সারাদেশে ৩০২ সড়ক দুর্ঘটনায় ৩৭৯ জন নিহত ও ৩৬৮ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৬ নারী ও ৩২ শিশু রয়েছে।
বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের আগস্ট মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর ইউএনবির।
সংস্থাটি বলছে, গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উভয়ই বেড়েছে। জুলাই মাসে ২৯৩টি দুর্ঘটনায় ৩৫৬ জন নিহত হয়েছিলেন। এই হিসাবে আগস্ট মাসে দুর্ঘটনা ৩.০৭ শতাংশ এবং প্রাণহানি ৬.৪৬ শতাংশ বেড়েছে।
দেশের ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে শিক্ষক ১১ জন, চিত্রশিল্পী ১ জন, পর্বতারোহী ১ জন, পুলিশ সদস্য ১ জন, গ্রাম পুলিশ ১ জন, বিমান বাহিনীর কর্মচারী ১ জন, পল্লী বিদ্যুতে চাকরিজীবী ১ জন, স্কুল প্রহরী ১ জন, এনজিও কর্মকর্তা-কর্মচারী ১৩ জন, ঔষধ ও অন্যান্য পণ্যসামগ্রী বিক্রয় প্রতিনিধি ৯ জন, রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ২ জন, মিল শ্রমিক ২ জন, পোশাক শ্রমিক ৮ জন, মাছ-সবজি ও গরু ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের স্থানীয় পর্যায়ের ব্যবসায়ী ২৯ জন, স্থানীয় রাজনৈতিক নেতা ২ জন এবং শিক্ষার্থী ৫৮ জন (ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ জন ও ঢাকা কলেজের ১ জনসহ)।
আগস্টের প্রতিবেদনের তথ্য অনুসারে, দুর্ঘটনার মধ্যে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। মোট ১২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৯ জন নিহত, যা মোট নিহতের ৩৪.০৩ শতাংশ।
মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪০.০৬ শতাংশ। দুর্ঘটনায় ৮১ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.৩৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৭ জন, অর্থাৎ ১২.৪০ শতাংশ।
এই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৪৭ জন নিহত, ৩২ জন আহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। ৬টি পৃথক রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন।