Sylhet Today 24 PRINT

সংসদে প্রণব, সাহারা ও ইস্রাফিল আলমের মৃত্যুতে শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২০

একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয়েছে। করোনা মহামারি পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এই অধিবেশন চলবে। রোববার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

শুরুতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) সাহারা খাতুন ও নওগাঁ-৬ আসনের এমপি ইস্রাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

গত ১৯ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

বিজ্ঞাপন

সংবিধানে ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এখন পর্যন্ত অধিবেশন ৬ থেকে ৯ সেপ্টেম্বর এ চার কার্যদিবস চলার কথা। তবে প্রয়োজনে তা দু-তিন দিন বাড়তে পারে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে এবারও গণমাধ্যমকর্মীদের সরাসরি সংবাদ সংগ্রহের জন্য সংসদ কার্ড ইস্যু করা হয়নি।

গত দু’টি (৭ম ও ৮ম) অধিবেশনের মতো নবম অধিবেশনও সংবাদকর্মীদের সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে সংবাদ সংগ্রহ করতে হবে।

এছাড়া অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণ সীমিত রাখা হচ্ছে। আগের দু’টি অধিবেশনের মতো প্রতিদিন ৭০ থেকে ৯০ জন সদস্য অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়। অসুস্থ এবং বয়স্ক সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন।

আর যারা অংশ নেবেন তারা করোনাকালীন সব স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন। অধিবেশন কক্ষের আসন বিন্যাসও আগের দু’টি অধিবেশনের মতো দূরত্ব বজায় রেখে করা হয়েছে।

এর আগে গত ১০ জুন একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়ে গত ৯ জুলাই শেষ হয়। মোট নয় কার্যদিবসের ওই অধিবেশনে চলতি অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.