Sylhet Today 24 PRINT

মসজিদে বিস্ফোরণের কারণ অবশ্যই বের হবে: প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২০

ছবি: পিআইডি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা কেন ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিস্ফোরণের কারণ অবশ্যই বের হবে। রোববার জাতীয় সংসদে উত্থাপিত শোকপ্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং একাদশ জাতীয় সংসদের দু’জন সংসদ সদস্যসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বর্গের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উত্থাপিত শোকপ্রস্তাবটি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

মসজিদের বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‌'নারায়ণগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, মসজিদে যে বিস্ফোরণ ঘটলো- এটা অত্যন্ত দুঃখজনক।'

বিজ্ঞাপন

তিনি বলেন, 'ইতোমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। বিশেষজ্ঞরা সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করছেন। ঘটনাটা কেন ঘটল, কীভাবে ঘটল সে বিষয়ে তদন্ত হচ্ছে এবং আমি মনে করি, সেটা অবশ্যই বের হবে।'

শেখ হাসিনা বলেন, গ্যাসের লাইনের ওপরে নাকি এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল...সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কোনো নির্মাণ কাজ হয় না। আমি জানি না, রাজউক এটার পারমিশন দিয়েছে কি-না। এর পারমিশন তো দিতে পারে না, দেওয়া উচিত না।'

অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে- একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের বিদ্যুৎ এবং গ্যাস সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছি এর কারণ খুঁজে বের করার জন্য।'

তিনি বলেন, “নারায়ণগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, মসজিদে যে বিস্ফোরণটা ঘটল, এটা অত্যন্ত দুঃখজনক। তদন্ত কমিটি করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা যেখানে গেছেন, নমুনা সংগ্রহ করেছেন। এবং এই ঘটনাটা কেন ঘটল, কীভাবে ঘটল, সেটার ব্যাপারে তদন্ত হচ্ছে। আমি মনে সেটা অবশ্যই বের হবে।”

সংসদে শেখ হাসিনা বলেন, “মসজিদে এখন সবাই দান করে। আজকাল তো সকলের পয়সাও আছে। এয়ারকন্ডিশনার দিয়ে যাচ্ছে। সেখানে বিদ্যুত সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে সেই ক্যাপাসিটি ছিল কিনা… সার্কিট ব্রেকার ছিল কিনা বা এইসব বিষয়গুলো কিন্তু দেখতে হবে। অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে।”

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয় এবং মৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

শুক্রবার নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় মসজিদে থাকা অর্ধশতাধিক মানুষের সবাই কমবেশি দগ্ধ হন। তাদের মধ্যে যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল, তাদের ২৪ জন ইতোমধ্যে মারা গেছেন। ফায়ার সার্ভিস বলছে, ওই মসজিদের নিচ দিয়ে তিতাসের যে গ্যাসের পাইপ গেছে, সেখানে ‘লিকেজ থেকে’ গ্যাস জমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.