Sylhet Today 24 PRINT

ইউএনও ওয়াহিদা অনেকাংশে ভালো আছেন : স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০২০

গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের চিকিৎসার জন্য যখন যা করা দরকার তার সবই করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউএনও ওয়াহিদা আমার সঙ্গে কথা বললেন। আমার কাছে মনে হয়েছে উনি এখন অনেকটা ভালো অবস্থায় আছেন। উনার আঘাতপ্রাপ্ত স্থানে ৮ জন ডাক্তার আড়াই ঘণ্টা ধরে সফলতার সঙ্গে অপারেশন করেছেন। এখন রোগী অনেকাংশে ভালো আছেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, উনার ডান দিকের অংশটা এখনও অবশ আছে। ডাক্তাররা বলেছেন, ফিজিক্যাল থেরাপি দিলে ধীরে ধীরে এটা ভালো হয়ে যাবে। এ রকম একটা জটিল রোগীকে সফলতার সঙ্গে নিউরো সায়েন্স চিকিৎসা দেয়ায় আমরা গর্বিত।

জাহিদ মালেক বলেন, অপারেশন পরবর্তী ৭২ ঘণ্টা সোমবার সকালে শেষ হবে। এখনও ইনফেকশনের লক্ষণ দেখা যায়নি। দোয়া করি, ইনফেকশন যেন না হয়। আমি নিজ চোখে দেখে আসছি, রোগী সুন্দর ব্যবস্থাপনায় আছেন এবং সবকিছু ভালোভাবে চলছে। এখন রোগী যে পর্যায়ে আছে, তাতে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

গত ২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে হামলা করে সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.