Sylhet Today 24 PRINT

ওসি প্রদীপকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২০

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে কক্সবাজার জেলা কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় আদালতে হাজির করার জন্য তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রদীপ কুমার দাশকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। চট্টগ্রামে দায়ের হওয়া একটি মামলায় হাজির করানোর জন্য তাকে স্থানান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

প্রদীপ কুমার দাশকে বহনকারী গাড়িটি দুপুর সেদিন ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছে বলে নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার কামাল হোসেন। তিনি আরও বলেন, ‘অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর (সোমবার) তাকে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করা হবে।’

গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন। এ মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দেওয়া হয়। আদালত আগামী সোমবার আদেশের শুনানির জন্য সময় নির্ধারণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.