Sylhet Today 24 PRINT

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২১ অক্টোবর, ২০১৫

টাঙ্গাইলের চরাঞ্চলের মইশা গ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির দুই চরমপন্থি সর্বহারা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। এছাড়া র‌্যাবের এক এসআইও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত র‍্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া তিনটায় সদর উপজেলার গুগড়া ইউনিয়নের মইশা গ্রামের শাহাদতের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন (৪৫) ও মইশা গ্রামের মনু মিয়া (৩৫)।

টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইশা গ্রামে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির চরমপন্থি সর্বহারা সদস্যরা ওই এলাকার শাহাদত হোসেনের বাড়িতে জোর করে অবস্থান নিয়ে আত্মগোপন করে। এ সংবাদ পেয়ে র‌্যাব ওই বাড়ি ঘেরাও করে। এ সময় চরমপন্থিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই চরমপন্থি সদস্য মনু মিয়া ও আকবর হোসেন গুলিবিদ্ধ হন।  

গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন।  

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার, দুই রাউন্ড গুলি ও বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.