Sylhet Today 24 PRINT

শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেবে না এক্সপ্রেস ইন্স্যুরেন্স

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

বীমা খাতের সদ্য তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স জানিয়েছে, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩১ পয়সা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪ পয়সায়।

নিট মুনাফা থাকার পরও শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়া প্রসঙ্গে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম সাইদুর রহমান বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় পর্ষদ কোন লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০১৯ সালের হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের কোন অংশগ্রহণ কোম্পানিতে ছিলনা। এছাড়া লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত করোনা পরিস্থিতিতে কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করবে, যা প্রকারান্তে ভবিষ্যতে শেয়ারহোল্ডারদেরই মুনাফা হবে।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন গত ২৪ আগস্ট শুরু হয়েছে। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের জন্য শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়েছে।

এদিকে তালিকাভুক্তির প্রথম বছরে লভ্যাংশ না দিলেও কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে না। সম্প্রতি জেড ক্যাটাগরির কোম্পানি পুনর্গঠনে এসইসি যে সংস্কার এনেছে, তাতে পরপর দুই বছরের মধ্যে নগদ লভ্যাংশ প্রদান কিংবা এজিএম করতে ব্যর্থ হলে এসইসির পূর্বানুমোদন সাপেক্ষে তালিকাভুক্ত কোম্পানি ‘জেড’ গ্রুপে স্থানান্তর হবে। এছাড়া ছয় মাস বা তার বেশি সময় কোম্পানির উৎপাদন বা কার্যক্রম বন্ধ থাকলে, পরপর দুই বছর নিট কার্যকর লোকসান অথবা পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক থাকলে অথবা কোম্পানির পুঞ্জীভূত লোকসান তার পরিশোধিত মূলধনকে অতিক্রম করলেও জেড ক্যাটাগরিতে স্থান পাবে। সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য কমিশনের অনুমতিক্রমে স্টক এক্সচেঞ্জ ‘জেড’ গ্রুপে স্থানান্তর করতে পারবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.