Sylhet Today 24 PRINT

প্রথম আলোর সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা বিচারের জন্য প্রস্তুত

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২০

নাইমুল আবরারের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও সুমন রায়।

তারা বলেন, আজ মামলার আসামি মতিউর রহমানসহ ১০ আসামি আদালতে হাজিরা দেন। এরপর আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির আদেশ দেন।

২০১৯ সালের ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর আবরার। রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের আয়োজক ছিল প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলো। কিশোর আলোর প্রকাশক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আর কিশোর আলোর সম্পাদক হলেন আনিসুল হক।

এ ঘটনায় ৬ নভেম্বর আবরারের বাবা মো. মুজিবুর রহমান প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

আদালত নালিশি মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। ১৬ জানুয়ারি ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম আলো সম্পাদকসহ ১০ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.