Sylhet Today 24 PRINT

দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার যেয়ে অন্য ট্রাকের ধাক্কায় এসআই নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২০

সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়ায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে থানার এক এসআই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত এসআই মো. মাহবুবুর রহমান (৪২) বারআউলিয়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। আহত কনস্টেবল মো. নোমান হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, সকালে আর আর জুট মিলস এলাকায় একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনা কবলিত হয়। খবর পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন হাইওয়ে পুলিশের এসআই মাহবুবুর রহমান। পরে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর পরিকল্পনা করার সময় হঠাৎ একইমুখী অপর একটি ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা কবলিত ট্রাকের নিচে চাপা পড়েন মাহবুবুর রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত একটি ট্রাক উদ্ধার করতে গিয়ে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এসআই মাহবুবুর রহমান মারা যান। আহত পুলিশ সদস্যকে আমরা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.