সিলেটটুডে ডেস্ক | ২২ সেপ্টেম্বর, ২০২০
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ঢাকা আর্ট কলেজের শিক্ষার্থী রাদিয়া নীতি। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভাটারা আমেরিকান গ্যারেজের সামনে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রাদিয়া নীতির বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা গ্রামে। পরিবারের সঙ্গে তিনি ভাটারা নতুন বাজার প্রিন্সিপাল রোডে থাকতেন।
বিজ্ঞাপন
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাদিয়া রায়ের বাজার ঢাকা আর্ট কলেজে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় আর্টের অর্ডার নিতেন। চলতি মাসেই পল্টনের একটি রুম ডেকোরেটিংয়ের কাজ করছিলেন তিনি। সোমবার সকালে ছোট ভাই রিফাতকে নিয়ে বাসা থেকে বের হন। সন্ধ্যায় কাজ শেষ করে বাসে করে বাসায় ফিরছিলেন রাদিয়া। নতুনবাজার আমেরিকান গ্যারেজের সামনে বাস থেকে নেমে রাস্তা পার হবার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুজ্জামান জানান, দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।