Sylhet Today 24 PRINT

ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপায় দুই সন্তানসহ বাবা-মায়ের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০২০

নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রামের লোকজন স্বপন, তার স্ত্রী সারজানা ও দুই শিশুপুত্র হোসাইন ও হাসিনুর নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত লোকজন দিয়ে মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিলেন।

তিনি আরও জানান, শনিবার সারা দিন-রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে যে এতে মাটির ঘরের দেয়ালটি ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে একই পরিবারের চারজনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.