সিলেটটুডে ডেস্ক | ২৩ অক্টোবর, ২০১৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের বাসায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা- এমন অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ৫ নম্বর রোডের ২৩৮ নম্বর বাসায় এ অভিযান চালায় পুলিশ। শিশির মনির নিজেই সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে বিষয়টি অস্বীকার করেছেন তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার। তিনি বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই।’
অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের বাসায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাকে না পেয়ে তার ব্যক্তিগত গাড়ি চালককে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি। তবে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ড্রাইভারকে ডিবি পুলিশ ছেড়ে দিয়েছে বলেও আইনজীবী গাজী এমএইচ তামিম জানান।
গত মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী তাজুল ইসলামকেও আটক করেছিল পুলিশ। কয়েক ঘণ্টা পরই তাকে ছেড়ে দেয়া হয়। তখন অবশ্য দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল।