Sylhet Today 24 PRINT

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০২০

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলায় দুই গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্না। রায় ঘোষণার সময় রেশমা ও স্বপ্নাকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করে আদালত।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন সকালে পলাতক দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ২০ ভরি সোনা যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যান। মামলার পর স্বপ্না, রেশমা ও তাদের যোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপনার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আদালত। মামলায় ৩৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ২৭ জন সাক্ষ্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.