Sylhet Today 24 PRINT

‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিওটি ফেসবুকে ছাড়া হয়’

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। ঘটনার প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারসহ জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুই মামলাতেই নয়জনকে আসামি করা হয়েছে। এজাহারে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আসামিরা ফেসবুকে ভিডিওটি ছেড়ে দিয়েছে বলে উল্লেখ করেছেন ভুক্তভোগী নারী।

এ ছাড়া ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন, বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকাও দাবি করে বাদল ও দেলোয়াররা। এভাবে একমাস ধরে ভয় দেখাতে থাকে তারা। যে কারণে তিনি নিজের বসত বাড়ি ছেড়ে অন্য এলাকার আত্মীয়ের বাড়িতে পালিয়ে যান। তারপরই নির্যাতনের ওই ভিডিও ফেসবুকে প্রকাশ করে দেয় অভিযুক্তরা।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকের এ ঘটনায় ভুক্তভোগী গতকাল রোববার বেগমগঞ্জ থানায় মামলা দুটি করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেছেন, ঘটনার দিন বাদল ও দেলোয়ারসহ অন্যান্যরা তার স্বামীকে বেঁধে রেখেছিলেন। তারা ধর্ষণের চেষ্টা করে। বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা তারা ভিডিও ধারণ করে। গত এক মাস ধরে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে অনৈতিক প্রস্তাবও দিচ্ছিল উল্লিখিত আসামিরা। কিন্তু তিনি রাজি না হওয়ায় ফেসবুকে ভিডিওটি ছেড়ে দেয় তারা।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ ব্যাপারে জানান, ভুক্তভোগীকে উদ্ধারের পর তার বক্তব্য অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে এ ঘটনার প্রধান আসামি বাদলসহ বাকি যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন- দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, আবদুর রহিম ও রহমত উল্লাহ। প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় দেলোয়ারকে। আজ সোমবার সকালে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বাদল ও দেলোয়ারের গ্রেপ্তারের ব্যাপারে র‌্যাব-১১’র অধিনায়ক বলেন, ‘দেশব্যাপী চাঞ্চল্যকর ওই ঘটনায় মামলা দায়েরের পর আমাদের কাছে খবর আসে, জড়িত কয়েকজন গা ঢাকা দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন। ওই খবরে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মধ্যরাতে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা হাইওয়ে এলাকা থেকে এবং ভোরে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।’

দুপুরে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এরপর আসামিদের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

এর আগে গতকাল রোববার বিকেলে আবদুর রহিম (২০) ও রাত ১০টার দিকে রহমত উল্লাহ (৪১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.