Sylhet Today 24 PRINT

নোয়াখালীর ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, এটি একটি জঘন্য অপরাধ,বর্বরতার চরম সীমায় পৌঁছেছে তারা। সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জড়িত তাদের আইন অনুযায়ী তাদের সর্বোচ্চ শাস্তি হবে। এরা সমাজবিরোধী, এরা অমানুষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক অবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নোয়াখালীতে একজন মায়ের ওপর যে বর্বরোচিত ও পৈশাচিক ঘটনা ঘটিয়ে সেটার ভিডিও করে প্রচার করেছে, এটা বর্বরতার চরম সীমা। অভিযুক্তদের দুইজন ছাড়া সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। আশা করছি, আদালত এ অমানুষগুলোর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন।

নোয়াখালীর ঘটনা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কি না? এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যখনই কোনো সংবাদ পাচ্ছে, দ্রুত পদক্ষেপ নিচ্ছে। সিলেটের এমসি কলেজের ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামি গ্রেপ্তার হয়েছে। তাদেরও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে আশা করছি। যেখানেই ঘটনা ঘটুক, আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আমরা বসে থাকিনি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.