Sylhet Today 24 PRINT

ভারতে পালিয়ে যাওয়ার সময় শিশু ধর্ষণে অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২০

সাতক্ষীরার আশাশুনিতে সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি তরিকুল ইসলামকে (১৮) ভারতে পালিয়ে যাওয়ার সময় সুন্দরবন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আনিসুর রহমান নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, বারবার স্থান বদল শেষে শিশু ধর্ষণে অভিযুক্ত তরিকুল সুন্দরবন এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১১টায় শ্যামনগরের কাশিমাড়ি গ্রামের সুন্দরবনের কাছের একটি এলাকায় সিআইডি’র দুইটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তরিকুলের বাড়ি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে। তার বাবা শিহাবুর রহমান বর্তমানে ভারতে থাকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে তরিকুলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গেল সোমবার দুপুর ২টার দিকে এই তরিকুল মোবাইলে ছবি দেখানোর কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে তার মা মামলায় অভিযোগ করেন।

সোমবার রাতে আশাশুনি থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেয়। এরপর সিআইডি শিশু ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সর্বোচ্চ গোপনীয়তায় অভিযান চালাতে থাকে। গ্রেপ্তার হওয়ার পর তরিকুল সিআইডি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধের কথা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.