Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা ৩ মাসে নিষ্পত্তির নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০২ সালে বিরোধীদলীয় নেতা থাকার সময় সাতক্ষীরায় তাঁর গাড়িবহরে হামলার ঘটনায় করা এক মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মামলা বাতিল করতে এ-সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শুনানিকালে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

দেড় যুগ আগে ২০০২ সালের ৩০ আগস্ট ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়কপথে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

২০১৫ সালে এ ঘটনায় আদালতে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে হত্যাচেষ্টা মামলায় এক আসামির বয়স ঘটনার সময় ১০ বছর ছিল উল্লেখ করে হাইকোর্টে মামলা বাতিলে আবেদন করা হয়। ২০১৭ সালে ওই আবেদনের ওপর একই সালের ২৩ আগস্ট হাকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.