সিলেটটুডে ডেস্ক | ২৪ অক্টোবর, ২০১৫
হিমালয়ের দুই অন্যতম দুর্গম পর্বত ‘আমা-দাবলাম’ ও ‘কেয়াজো-রি’ শিখর জয়ে যাচ্ছে বাংলাদেশের পর্বতারোহী দল।
এভারেস্ট জয়ী এম এ মুহিতের নেতৃত্বে অভিযাত্রী নূর মোহাম্মদ, কাজি বাহলুল মজনু, ইকরামুল হাসান শাকিল, শামীম তালুকদার, শায়লা পারভিন ও ফৌজিয়া আহমেদ অভিযানের উদ্দেশ্যে মঙ্গলবার ঢাকা ছাড়বেন।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ থেকে এই প্রথম এক অভিযানে দুটি পর্বত আরোহণের পরিকল্পনা করা হয়েছে। সম্মেলনে এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান উপস্থিত ছিলেন। এসময় অভিযাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
২০ দিনের অভিযানে ‘কেয়াজো-রি’ শিখর আরোহণ করবে অভিযাত্রী দল। এ শিখরের উচ্চতা ২০ হাজার ২৯৫ ফুট। গত বছর ভয়ঙ্কর তুষারপাতের ফলে বাংলাদেশের প্রথম ‘কেয়াজো-রি’ অভিযান ব্যর্থ হয়।
অভিযানে অংশ নেওয়া এভারেস্ট জয়ী মুহিত ছাড়া অভিযাত্রী নূর মোহাম্মদ পাঁচটি ও কাজি বাহালুল মজনু তিনটি ছয় হাজার মিটার উচ্চতার পর্বতারোহণ করেছেন।
ইকরামুল হাসান শাকিল ভারতে পর্বতারোহণ ট্রেনিং শেষ করে প্রথমবারের মতো ‘কেয়াজো-রি’ অভিযানে যোগ দিচ্ছেন। শায়লা পারভিন ও ফৌজিয়া আহমেদেরও এটি প্রথম অভিযান।
‘কেয়াজো-রি’ অভিযান শেষে পর্বতারোহী দলের তিন সদস্য দেশে ফিরবেন। এরপর দলনেতা মুহিত ২২ হাজার ৩৫০ ফুট উঁচু ‘আমা-দাবলাম’ পর্বতারোহণে অভিযান শুরু করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
‘আমা-দাবলাম’ পর্বতে থাকা পাথর ও বরফ থাকায় আরোহণে বিশেষ ক্ষমতার প্রয়োজন হয় বলে অভিযাত্রীদের জন্য এটি কঠিন ও বিপজ্জনক।