Sylhet Today 24 PRINT

ধর্ষণের ঘটনায় ‘ভিক্টিম ব্লেম’ প্রবণতা বন্ধ করতে হবে: শিক্ষা উপমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ১৪ অক্টোবর, ২০২০

পোশাকের জন্য দায়ী না করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘ধর্ষণের শিকার ব্যক্তির প্রতি দোষ দেওয়ার ‘ভিক্টিম ব্লেম’- এর জঘন্য প্রবণতা বন্ধ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্যক্তিগত ফেসবুক পেজে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ আহ্বান জানান।

উপমন্ত্রী তার ফেসবুক পেজে উল্লেখ করেন, ‘‘নারী ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, শ্লীলতাহানি, যৌন হয়রানি, এসব অপরাধের জন্য নারীর বেশভূষা, পোশাক-আশাক, চরিত্র নিয়ে তালেবান নৈতিক পুলিশের মতো জ্ঞান বিতরণ করতে অনেককে দেখছি। এদের জেনে রাখা দরকার, যে নারীরা এই নৃশংসতার শিকার, তাদের প্রায় ৯০ ভাগই হয় বোরকা-হিজাব পরেন বা একেবারেই শিশু বা বৃদ্ধ। তাদের ‘আবেদনময়ীতার’ কারণে কেউ এই অপরাধে প্রলুব্ধ হয়নি। এই যৌন সহিংসতাজনিত অপরাধের শিকার প্রচুর পুরুষও হচ্ছে। সে নাবালক হোক বা সাবালক এবং হচ্ছে অন্য পুরুষের হাতেই। সেখানে ড্রেস কোড বা ধর্মীয় অনুশাসনের কথা আসে না কেন? আমাদের ‘ভিক্টিম ব্লেম’ অর্থাৎ অপরাধের শিকার ব্যক্তির প্রতি দোষ দেওয়ার এই জঘন্য প্রবণতা বন্ধ করতে হবে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। শুধুই রাস্তার আন্দোলন দিয়ে এই মনোজাগতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন করা সম্ভব নয়।’’

এর আগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল তার ফেসবুক পেজে ধর্ষণ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.