Sylhet Today 24 PRINT

ভিপি নুরের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেন মামলাটি পিবিআইকে তদন্ত করে ২৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

এ দিন দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়। মামলাটি করেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক ‍নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়েছে।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ অক্টোবর নুর তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি মামলার বাদীকে ‌‘দুশ্চরিত্রাহীন’ বলেন। ভিডিওতে তিনি আরও বলেন, ‘ছি! আমরা ধিক্কার জানাই এত নাটক যে করছে সে দুশ্চরিত্রাহীন। ধর্ষণের নাটক করছে স্বেচ্ছায় একটি ছেলের সঙ্গে বিছানায় গিয়ে’। এই মন্তব্য বাদীর জন্য অপমানজনক ও মানহানিকর।

গত ২০ সেপ্টেম্বর রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়।

২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নুরকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে রাত ১২টা ৩৫ মিনিটে তাকে ছেড়ে দেয়া হয়।

এরপর গত ৮ অক্টোবর নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেন ওই ঢাবি ছাত্রী।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.