Sylhet Today 24 PRINT

সাতক্ষীরায় এক পরিবারের চারজনকে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে বলা জানান কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম।

নিহতরা হলেন, খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম বলেন, ‘বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতেন। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। আমি ছিলাম পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পাই। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখি ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর বাচ্চারা মারা যায়।’

তিনি আরও জানান, তাদের সাথে জমি জায়গা নিয়ে পাশের কিছু লোকের বিরোধ ছিল। কিন্তু কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

কলারোয়া থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল জানান, নিজেদের ঘরের মধ্যে শাহিনুর রহমানসহ চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল। তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.