Sylhet Today 24 PRINT

এসআই আকবরের দেশত্যাগ ঠেকাতে বেনাপোল সীমান্তে সতর্কতা

বেনাপোল প্রতিনিধি |  ১৭ অক্টোবর, ২০২০

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত ও পলাতক সাবেক ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আকবরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল শুক্রবার থেকে বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্তে বাড়তি নিরাপত্তার বিষয়টি শনিবার (১৭ অক্টোবর) নিশ্চিত করেন সীমান্তে কর্তব্যরত পুলিশ ও বিজিবি কর্মকর্তারা।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ ও বিস্তীর্ণ সীমান্ত এলাকা হওয়ায় এ পথে ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। এজন্য দেশের অন্যান্য সীমান্তের পাশাপাশি বেনাপোল সীমান্তের ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষী বিজিবি সতর্কতা অবলম্বন করেছেন।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, এসআই আকবরের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করে বেনাপোল ইমিগ্রেশনে একটি বার্তা এসেছে। কোনো কৌশল অবলম্বন করে সে যেন ভারতে পালাতে না পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, তারা সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক থেকে কাজ করছেন। আর এ ধরনের খবর পেয়ে সীমান্তে কর্তব্যরতদের আরও সতর্ক থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

জানা গেছে, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেলসহ কয়েক প্রকার ভিসায় বাংলাদেশিরা ভারত প্রবেশ করছে এবং ভারতে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরছেন।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর রাতে মাত্র ১০ হাজার টাকার জন্য বন্দর ফাঁড়িতে নির্যাতন করে রায়হান নামের এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনার মূল অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন। আকবরের নেতৃত্বে এই নির্যাতন চালানো হয় বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ। এ ঘটনায় আকবরসহ ৪ পুলিশকে সাময়িক বরখাস্ত এবং ৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আকবর পালিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.