Sylhet Today 24 PRINT

নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০২০

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন এলাকা থেকে নিউমার্কেট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি মামলায় আদালতের পরোরায়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে। তবে কী কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা ছিল সে সম্পর্কে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউমার্কেট থানার ওসি এম কাইয়ুম গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, টোকন ঠাকুরের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি সিআর মামলা রয়েছে। এতে তিনি হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা থানায় এলে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা শুধু গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানা নেই।

জানা গেছে, কবি ও নির্মাতা টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‌‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনও কাজ করেননি তিনি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। সেই ওয়ারেন্টের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.