সিলেটটুডে ডেস্ক | ২৬ অক্টোবর, ২০২০
পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘেরাও করে রেখেছে র্যাব।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১টা থেকে পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনে তার আট তলা বাড়িটি র্যাব ঘেরাও করে রাখে। অভিযানে পুলিশ সদস্যরাও অংশ নিয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, র্যাব ও ডিবি যৌথভাবে অভিযান পরিচালনা করছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে কলাবাগান বাসস্ট্যান্ডে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খানকে মারধর করে হাজী সেলিমের ছেলে ও ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগীরা। এই ঘটনায় সোমবার সকালে নৌবাহিনীর ওই কর্মকর্তা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। এতে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। ইতিমধ্যে ইরফানের গাড়িচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনও পলাতক ইরফানসহ বাকিরা। তাদের গ্রেপ্তার করতেই মূলত অভিযান শুরু করেছে র্যাব।
র্যাবের মুখপাত্র লে. ক. আশিক বিল্লাহ জানান, ওয়াসিফ আহমদ খান একটি মামলা করেছেন। মামলার আসামি ইরফান সেলিমসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুরান ঢাকায় র্যাবের অভিযান চলছে।