Sylhet Today 24 PRINT

জামিন পেলেন টোকন ঠাকুর

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২০

কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুরের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ দেন।

এদিন টোকনের পক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ২ হাজার টাকা মুচলেকায় জামিনের নির্দেশ দেন বিচারক।

এর আগে, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় টোকন ঠাকুরকে সরকারি সম্পত্তি তছরুপের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৩ অক্টোবর সিএমএম আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ওই পরোয়ানার পরিপ্রেক্ষিতে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.