Sylhet Today 24 PRINT

দুই বোনের বাড়িতে প্রবেশ নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০২০

গুলশানে বাড়ির সামনে অবস্থান করা দুই বোন মুশফিকা ও মোবাশ্বেরাকে বাড়িতে প্রবেশ ও সেখানে তাদের অবস্থান নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে আজ সোমবার রাতেই তা আদালতকে জানাতে বলা হয়েছে। 

গণমাধ্যমে আসা প্রতিবেদন নজরে এলে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।

আদালতের আদেশ নিশ্চিত করেছেন আইনজীবী মনজিল মোরসেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, প্রায় ১০ কাঠা জমির ওপর বাড়িটি। গৃহকর্তার মৃত্যুর পর মালিকানা নিয়ে বিরোধে তার দুই মেয়ে অবস্থান নিয়েছেন বাড়ির সামনে। ওই দুই বোনের দাবি, বাড়ির দখল বাবার দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের হাতে। তিনি কিছুতেই ওই বাড়িতে তাদের ঢুকতে দিচ্ছেন না।

১০ অক্টোবর মোস্তফা জগলুলের মৃত্যু হয়। মোস্তফা জগলুল ওয়াহিদ পেশায় পাইলট ছিলেন। ভাইবোনদের মধ্যে শুধু সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ছাড়া আর কেউ বাংলাদেশে নেই। দুই দিন ধরে বাড়ির সামনে অবস্থান নেয় মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা। তারা বাড়িতে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

মুশফিকা গণমাধ্যমকে বলেছিলেন, ১৯৮৪ সালে তার মাকে নিয়ে বাবা গুলশানের এই বাসাতেই সংসার শুরু করেছিলেন। তাদের জন্ম এই বাড়িতে। ২০০৫ সালে তাদের মা-বাবার বিচ্ছেদ হয়। পরে আঞ্জু কাপুর নামে এক ভারতীয়কে তাদের বাবা বিয়ে করেন। তিনি একাই এখন এই বাড়ির ভোগদখল করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদালত দুই বোন মুশফিকা ও মোবাশ্বেরাকে এবং আঞ্জু কাপুরকে (মোস্তফা জগলুলের দ্বিতীয় স্ত্রী) আগামী ১ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় আদালতে আসতে নির্দেশ দিয়েছেন। সে দিন গুলশান থানার ওসিকেও আদালতে হাজির হতে হবে। দুই বোনকে বাড়িতে প্রবেশ করতে না দেওয়া কেন তাদের মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.