Sylhet Today 24 PRINT

তাবেলা সিজার হত্যায় সম্পৃক্ত ৪ জন আটক, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৫

অবশেষে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যায় 'মূল হত্যাকারী" দের আটক করার কথা জানিয়েছে পুলিশ। রাজধানীর গুলশানে গত ২৮ সেপ্টেম্বর এই হত্যাকাণ্ডে অংশ নেয়া  সন্দেহভাজন ৩ হত্যাকারীসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় বলে দাবি ডিবি পুলিশের।

গোয়েন্দা পুলিশের উত্তর জোনের ডিসি শেখ নাজমুল আলম  বিষয়টি জানান।

তাবেলা সিজার ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা ছিলেন। এই ঘটনার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল হয়ে যায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মুনিরুল ইসলাম বলেন, “ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।”

এই চারজন হলেন- রাসেল ওরফে ভাগনে রাসেল, রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল ওরফে চাকতি রাসেল ও শরীফ। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গত ২৮ সেপ্টেম্বর গুলশানের সড়কে তাভেল্লাকে গুলি চালিয়ে হত্যা করা পালিয়ে যায় মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তরা। আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন ইতালির এই নাগরিক, ঢাকায় তিনি একাই থাকতেন।

ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটকের খবর এর আগে গণমসাধ্যমে এলেও পুলিশের পক্ষ থেকে কখনো বিষয়টি স্বীকার করা হয়নি।  

পুলিশের সরবরাহ করা সিসিটিভির ছবি প্রকাশ করে গত ২১ অক্টোবর বিভিন্ন সংবাদপত্রের খবরে বলা হয়, ওই ছবিতে থাকা তিনজনকে পুলিশ তাভেল্লার হত্যাকারী সন্দেহে খুঁজছে।   

হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় গুলি শব্দের পর তিনজনকে অস্ত্রহাতে পালাতে দেখেছেন বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন।

ওই রাতেই ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামে একটি জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা আইএস-এর ‘দায় স্বীকারের’ খবর দিলেও তার কোনো ‘ভিত্তি নেই’ বলে সরকারের পক্ষ থেকে বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইএসএর নামে যে টুইট করা হয়েছে তা এসেছে বাংলাদেশ থেকেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.