Sylhet Today 24 PRINT

জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে মেডিকেলের ভর্তি পরীক্ষা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০২০

আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেলে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আয়োজনের কথা ভাবছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগের নিয়মেই একই দিন এবং একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে রাজধানীসহ সারাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের সভাপতিত্বে মেডিকেল কলেজের (২০২০-২১শিক্ষাবর্ষে) ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত হয়।

১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্র এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ফলাফলে আরও ১০০ নম্বর অর্থাৎ (লিখিত এবং প্রাপ্ত নম্বর) ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে ফলাফল তৈরি করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে বুধবার (২৮ অক্টোবর) সভায় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেলে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মেডিকেল ভর্তি বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুরের সঙ্গে পরামর্শ ও সর্বোপরি করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে নেয়া হবে বলে জানান তিনি।

বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে চলতি বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে এসএসসির ফলাফলের ভিত্তিতে এবারে এইচএসসির ফল ডিসেম্বরে প্রকাশিত হবে।

বর্তমানে দেশে শতাধিক সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ৩৬ ও বেসরকারি ৭০টি মেডিকেল কলেজ রয়েছে। এবার এইচএসসি পরীক্ষা না হওয়ায় মেডিকেলে ভর্তি কীভাবে নেয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠে।

আজকের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সভায় প্রাথমিকভাবে আগের নিয়মেই পরীক্ষা নেয়া সিদ্ধান্ত হয়। প্রতিবছর অক্টোবর বা নভেম্বরে ভর্তি পরীক্ষা হলেও এবার ভর্তি নতুন বছরে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.