Sylhet Today 24 PRINT

ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননার অজুহাত তুলে মিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের করেছে দুর্বৃত্তরা। ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদকে (সা.) কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় ফেসবুকে কমেন্টের মাধ্যমে সমর্থন করার অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে।

রোববার (১ নভেম্বর) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার ৪নং পূর্ব ধইর ইউনিয়নের কোরবানপুর গ্রামের এই ঘটনা ঘটে। এতে করে সেখানকার হিন্দু পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান বনকুমার শিবের অফিস। হামলা ও ভাঙচুর চালানো হয়েছে ৯/১০টি পরিবারের বসত ঘরে।

জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) কোরবানপুরের শংকর দেবনাথ নামে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় ফেসবুকের একটি পোস্টে কমেন্টের মাধ্যমে সমর্থন জানান। সমর্থনের ঘটনায় শংকর দেবনাথের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। ওই মামলায় রোববার (১ নভেম্বর) পুলিশ শংকর দেবনাথসহ দুজনকে গ্রেপ্তার করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান জানান, ওই ঘটনার রেশ ধরে রোববার বিকালে কোরবানপুরের স্থানীয় একদল বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান বনকুমার শিবের অফিস, গ্রেপ্তারকৃত আসামি শংকর দেবনাথের বাড়ি ঘরে অগ্নিসংযোগ এবং বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.