Sylhet Today 24 PRINT

পুড়িয়ে হত্যার প্রতিবাদে ৫ মিনিট অন্ধকার ছিল রংপুর

সিলেটটুডে ডেস্ক  |  ০৪ নভেম্বর, ২০২০

লালমনিরহাটের বুড়িমারীতে রংপুরের শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৫ মিনিটের জন্য অন্ধকার ছিল রংপুর নগরী। বৈদ্যুতিক বাতি নিভিয়ে নগরীর বাসিন্দারা অভিনব এই প্রতিবাদে সামিল হন।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৫ মিনিট পর্যন্ত রংপুর নগরীর গোটা শালবন এলাকা অন্ধকারে নিমজ্জিত ছিল। এ সময় সকল বাড়ির বৈদ্যুতিক বাতি ৫ মিনিট বন্ধ রেখে বাড়ির সকল সদস্য ঘরের বাইরে বেরিয়ে সারিবদ্ধভাবে সড়কে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শালবন মহল্লার নারী, পরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহল্লার সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

কর্মসূচি সফল করতে ইতিমধ্যে শালবন মহল্লার অন্তর্গত ইন্দ্রারার মোড়, শাহীপাড়া, শালবন, পূর্ব শালবন, আরসিসিআই মোড়, মিস্ত্রীপাড়া, শিয়ালুর মোড়, খেরবাড়ি ও বোতলা বৈশাখী ক্লাবসহ বিভিন্ন পাড়ায় লিফলেট বিতরণ, পোস্টারিং এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মাইকে প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে, একই দাবিতে প্রতিদিনই রংপুরে বিভিন্ন সংগঠনসহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। কারমাইকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ করেছে। একই দাবিতে প্রতিদিনই রংপুরে বিভিন্ন সংগঠনসহ জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। কারমাইকেল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ করেছে।

শালবন এলাকার সাবেক কমিশনার ইকবাল শহিদুল আক্তার ফিরোজ জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জুয়েলের মৃত্যুতে তার স্ত্রী ও সন্তানরা এখন অসহায়। নগরীর শালবন বাসীর দাবী আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.