Sylhet Today 24 PRINT

মন্ত্রী বলছেন, ‘তেমন কিছু ঘটেনি, উদ্বিগ্ন হবো কেন?’

সিলেটটুডে ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৫

‘‘তেমন কিছু ঘটেনি। এ ধরনের খুন প্রত্যেকটি দেশেই হয়। আমরা উদ্বিগ্ন হবো কেন? কোন জায়গায় হচ্ছে না? আমেরিকায় হচ্ছে, ব্রিটেনে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, সৌদি আরবে হচ্ছে, ভারতে হচ্ছে। একটা দুইটা ঘটনা ঘটতেই পারে। এটার জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’’

সোমবার (২৬ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘আমি বার বার বলছি এগুলো সবই ষড়যন্ত্রের ফসল। লোকাল ও ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে কামাল বলেন, ‘এয়ারপোর্টের নিরাপত্তা একটু বাড়ানো হয়েছে। আর কিছু না। কোনো রেড এলার্ট বা অন্য কিছু না।’

স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বললেও বেসামারকি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিন্যস্ত করতে এবং সংস্কার ও মেরামত কাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি।

কোনো নাশকতার আশঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে কি না- সাংবাদিকদের এমন জিজ্ঞাসায় মন্ত্রীর জবাব ছিল, ‘বিদেশের এয়ারপোর্টে যে ধরনের ব্যবস্থা নেয়া হয় আমরাও তাই নিয়েছি। এখানে কিছু ঢিলেমি ছিল। আমরা একটু ঢেলে সাজাচ্ছি।’

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে কূটনৈতিকপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেল্লা সিজার।

৩ অক্টোবর রংপুরে প্রায় একই কায়দায় খুন হন জাপানের নাগরিক কুনিও হোশি।

৫ অক্টোবর রাতে রাজধানীর বাড্ডায় বাসায় ঢুকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হত্যা করা হয়।

২২ অক্টোবর রাতে রাজধানীর দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

২৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর হোসেনী দালান ইমামবাড়া চত্বরে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.