সিলেটটুডে ডেস্ক | ০৮ নভেম্বর, ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রোববার সন্ধ্যা ৬টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
এটি চলমান একাদশ সংসদের দশম অধিবেশন। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। বিশেষ অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার ভাষণ দেবেন। এজন্য সংসদ ভবন এলাকা সাজানো হয়েছে নতুন সাজে।
সংসদ কক্ষে জাতির জনকের ছবিসহ এটাই সংসদের প্রথম বৈঠক।
এটি বিশেষ অধিবেশন হলেও এর প্রথম কার্যদিবস চলবে সাধারণ অধিবেশনের মতো। অধ্যাদেশ উপস্থাপন, কয়েকটি খসড়া আইন ও বিলের প্রতিবেদন উপস্থাপনের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অধিবেশন শুরুর পর স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, বীরেন শিকদার, শামসুল হক টুকু, আনিসুল ইসলাম মাহমুদ, উম্মে কুলসুম স্মৃতি। স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম।
রাষ্ট্রপতির বক্তৃতার আগে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের উপর সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের আলোচনা শেষে তা পাস হবে।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, রাষ্ট্রপতির বক্তৃতার পরে ১২ নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা হবে।
অধিবেশনের শুরুতে স্পিকার সংসদ কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতির স্থাপনের বিষয়টি অবহিত করেন।
করোনাকালীন বিগত তিনটি অধিবেশনের মতো আগামী অধিবেশনেও সংসদ সদস্যরা রোস্টারভিত্তিতে অংশ নেবেন। রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার দিন ৯ নভেম্বর করোনা নেগেটিভ সব সংসদ সদস্য অধিবেশনে যোগ দিতে পারবেন।