Sylhet Today 24 PRINT

সংসদের বিশেষ অধিবেশনে আল্লামা শফীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০২০

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে। রোববার সন্ধ্যায় সংসদের বিশেষ অধিবেশন শুরুর পর এ শোক প্রস্তাব আনা হয়।

এদিন সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, গণপরিষদের সাবেক সদস্য সৈয়দ এ কে এম এমদাদুল বারী, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, নুরুল ইসলাম, খন্দকার গোলাম মোস্তফা, শামছুল হক তালুকদারের মৃত্যুতে সংসদ শোক জানিয়েছে।

সংসদ শোক জানিয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক, একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক রশীদ হায়দার, বিশিষ্ট সাংবাদিক কবি আবুল হাসনাত, সংসদ সদস্য কানিজ সুলতানার স্বামী জাহিদ হোসেন বাচ্চু, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের মা শিরিয়া খানম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নুরজাহান বেগম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বোন মরিয়ম হেলাল ও সেন্ট জোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকশরে মৃত্যুতেও।

এই অধিবেশন জাতীয় সংসদের ইতিহাসে প্রথম বিশেষ অধিবেশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ‘ উদযাপন উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সন্ধ্যা ছয়টায় শুরু হয়।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিশেষ অধিবেশনে সবাইতে স্বাগত জানান। এ সময় তিনি বিশেষ অধিবেশন আহ্বানের কারণ উল্লেখ করেন। স্পিকার জানান, বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম ৯ নভেম্বর শুরু হবে।

করোনাভাইরাস মহামারিকালের আগের তিনটি অধিবেশনের মতো এবারও সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম চলবে।

গত ৯ জানুয়ারি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিশেষ অধিবেশন করার সিদ্ধান্ত হয়। কথা ছিল, ২২-২৩ মার্চ এই বিশেষ অধিবেশন হবে। অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ দেবেন। এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাস হবে। কিন্তু বিশ্বের অন্য সব দেশের মত বাংলাদেশেও করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান কাটছাঁট করা হয়, সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.