Sylhet Today 24 PRINT

মাস্ক না পরায় আটক অর্ধশতসহ ৮ জনকে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২০

করোনা সংক্রমণ রোধে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে খুলনায় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ নভেম্বর) আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সে লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে খুলনা মহানগরীর চারটি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।

প্রথমদিন খুলনা সার্কিট হাউস রোড এলাকা থেকে অভিযান শুরু হয়। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় সোমবার বেলা ১২টা পর্যন্ত অর্ধশত ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সময়ে আট ব্যক্তির কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া উপজেলাগুলোতেও নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় মাস্ক না পরার অপরাধে অনেককে জেল-জরিমানা করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সমন্বয় করা খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে। সারাবিশ্বের করোনার দ্বিতীয় ধাক্কা লেগেছে। এ ধাক্কা মোকাবেলায় খুলনা জেলা প্রশাসন মাস্ক ব্যবহারের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল-জরিমানা দেওয়া হবে। এতে খুলনায় করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।’

তিনি বলেন, ‘এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.