Sylhet Today 24 PRINT

সরকারি খালে বাঁধ দেওয়ার প্রতিবাদ করায় কবিকে পিটিয়ে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১০ নভেম্বর, ২০২০

নাসিরনগরে হামলায় নিহত সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি তনন

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সরকারি খালের পানি কেন আটকানো হয়েছে এই বিষয়ে প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি তনন (২৫) কে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে আলিয়ারা গ্রামের সৈয়দ বাড়িতে প্রতিপক্ষের হামলায় তনন (২৫) নামের ওই কবি আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত সৈয়দ মুনাব্বির আহম্মেদ তনন নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা সৈয়দবাড়ির মৃত সৈয়দ শিব্বির আহম্মেদের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। হরিপুর প্রভাতি ইসলামী কিন্ডার গার্টেন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামের ওসমান, মজনু ও মিল্লাত নামে কয়েকজন একটি সরকারি খালে বাঁধ তৈরি করে পানি নিষ্কাসনে বাধা দেয়। ফলে খালে জলাবদ্ধতার কারণে এলাকার মানুষের চলাচলে সমস্যা হয়। এর প্রতিবাদ করেন মনাব্বির। এ নিয়ে ওসমানের সঙ্গে মনাব্বিরের বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

তবে ওসমান ও তার সহযোগীরা বিষয়টি ভালোভাবে নেয়নি। সোমবার বিকেলে ওসমানসহ তার ১০-১৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে মনাব্বিরের ওপর হামলা করে। এ সময় মনাব্বিরকে বাঁচাতে এগিয়ে আসলে আরও তিনজন আহত হয়। পরে গুরতর আহত মনাব্বিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এ ঘটনায় আহতরা হলেন, ওই গ্রামের ফাইজুল(৩৫),  সুমন(৩৪), নিহতের ভাই তন্ময়(১৭)৷

নাসিরনগর থানার পরিদর্শক মো. কবির হোসেন জানান, খালে বাঁধ দেওয়ার প্রতিবাদ করায় মনাব্বিরকে পিটিয়ে হত্যা করেছে ওসমানসহ কয়েকজন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.